রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় মো. শহীদ শেখ (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহীদ শেখ সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার-জমিদার ব্রিজ সড়কের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গতকাল খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শহীদ শেখ। এ সময় তিনি ভাগলপুর সেবা ইটভাটার সামনে আসলে পিছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরে আরো একটা গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
