যুক্তরাজ্যের অর্থনীতিতে বাড়তি ১০০ বিলিয়ন পাউন্ড যোগান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০ লাখ ৫০ হাজার কোটি টাকা (১ পাউন্ড সমান ১০৫ টাকা হিসাবে)। ব্যাংকের নীতিনির্ধারক পর্যায়ে ৮-১ ভোটে এই সিদ্ধান্ত হয়েছে।
বিবিসির সংবাদে বলা হয়েছে, ‘এসেট পারচেজ’ কর্মসূচির আওতায় বন্ড ক্রয় করে এই অর্থ ছাড়া হবে। করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকটির মুদ্রানীতিতে সুদের হার রেকর্ড শূন্য দশমিক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। মাস ভিত্তিতে দেশটির অর্থনীতি ২০ শতাংশের বেশি সংকুচিত হওয়ার খবরের পর অর্থনীতি সচল রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগের কথা জানালো। এই প্যাকেজ ঘোষণার ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অর্থনীতি পুনরূদ্ধারে নেওয়া প্যাকেজের আকার ৭৪৫ বিলিয়ন পাউন্ডে দাঁড়াল (৭৮ লাখ ২২ হাজার ৫০০ কোটি টাকা)।
