রেশন পাবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারীরা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৫২

অবশেষে পুলিশের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারীদের জন্য রেশন সুবিধা দেওয়া হচ্ছে। এই অধিদপ্তরের ১০ম গ্রেডের কর্মকর্তাসহ তদনিম্ন পর্যায়ের ১৫শ’ কর্মকর্তা-কর্মচারী রেশন সুবিধা পাবেন। গত ২৬ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ অধিশাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে এক চিঠি দিয়ে এ রেশন সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে।

দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা রেশন সুবিধা প্রদানের দাবি করে আসছিলেন। তিন বছর আগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের রেশন প্রদানের দাবি উত্থাপন করেন। এর পাশাপাশি তারা পুলিশের মতো তাদের ঝুঁকি ভাতা প্রদানের দাবি তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল রেশন প্রদানের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন নিজ মন্ত্রণালয়কে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মধ্যে এই তিন বছরে বেশ কয়েকবার চিঠি চালাচালি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে সম্মতি জ্ঞাপন করে।

সিদ্ধান্ত অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সারা দেশে কর্মরত প্রায় ১৫শ’ কর্মকর্তা-কর্মচারী এই রেশন সুবিধা পাবেন। একজন কর্মকর্তা বা কর্মচারীকে সর্বোচ্চ ৪ সদস্যের জন্য মাসিক রেশন দেওয়া হবে। চার সদস্যের জন্য তিনি ৩৫ কেজি চাল, ৩০ কেজি আটা, ৫ কেজি চিনি, ৮ কেজি ডাল ও ৮ লিটার ভোজ্য তেল পাবেন। তবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপনের চিঠিতে রেশন প্রদানের জন্য ৭টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেশন সামগ্রী প্রদানে একটি নীতিমালা তৈরি করতে হবে। প্রত্যেক কর্মচারী নিজে, তার স্বামী/স্ত্রী এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য রেশন পাবেন। নিজস্ব সম্পদের মধ্যে ব্যয় নির্বাহ করতে হবে। রেশন বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না এবং এ ব্যয়ে ভবিষ্যতে অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।