সুপ্রিম কোর্টকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না : শ. ম. রেজাউল

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

নবনির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন, একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি অতীতে সেনাবাহিনীকে বিভিন্নভাবে ইনভাইট করে দেশের গণতান্ত্রিক রাজনীতি ধ্বংসের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন সংসদ নির্বাচন বাতিলে সুপ্রিম কোর্টকে ব্যবহার করার জন্য যে দাবি করেছে, তা বেআইনি ও অসাংবিধানিক। এই প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না। গতকাল বুধবার আইনজীবী সমিতি ভবনে নিজ চেম্বারে এক প্রতিক্রিয়ায় রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বহীন ও বিপন্ন অবস্থায় রয়েছে। এ কারণে ভাড়া করা নেতা দ্বারা দলটি রাজনীতি করার চেষ্টা চালিয়েছিল। সেক্ষেত্রেও তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। এ কারণে নির্বাচনে তাদের বিপর্যয় ঘটেছে। এ ছাড়া, মনোনয়ন বাণিজ্যের ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছে দলটির নেতা-কর্মীরা।

রেজাউল করিম বলেন, সংসদ নির্বাচন নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তিনি আইনানুগভাবে ট্রাইব্যুনালের আশ্রয় নিতে পারেন। কিন্তু সেখানে না গিয়ে সুপ্রিম কোর্টকে বিতর্কিত করার জন্য হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এটা সমিতির কাজ নয়। বিএনপির নেতৃত্ব কোথায়? এ ধরনের প্রেস কনফারেন্স জনগণ প্রত্যাখ্যান করবে।