কুড়িগ্রামের উলিপুরে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব রোধে দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক, মাস্ক বিতরণ ও টেলি মেডিসিন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরা মুন্সিবাড়ি থেকে ডা. রফিকুল ইসলাম সরদারের সঙ্গে মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ গ্রহণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার উদোক্তা জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার নাজিম হোসাইন, লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক আরমান রহমান, শিক্ষক খন্দকার রাকিবুল হাসান রাশেদ, রেজাউল করিম, মাকসুদুর রহমান স্বপন, সূদর্শন রায়সহ স্বেচ্ছাসেবীবৃন্দ।
আরও পড়ুন: হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ
এসময় দলদলিয়া ইউনিয়নকে করোনামুক্ত রাখতে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকি প্রচারসহ লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। করোনা কালীন সময়ে দলদলিয়া ইউনিয়নের তিন চিকিৎসক কুড়িগ্রাম বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম সরদার, স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার ডা. গোলাম মোহাইমেন রাসেল ও কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিষাদ চন্দ্র টেলিমেডিসিন সেবার মাধ্যমে এ ইউনিয়নের মানুষকে চিকিৎসা সেবা প্রদান করবেন।
ইত্তেফাক/এসি
