স্পোর্টস ডেস্ক
সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সেলোনা লা লিগার ৯ রাউন্ড বাকি থাকতে রিয়াল মাদ্রিদকে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার বড়ো সুযোগই করে দিয়েছে। এই ড্রয়ের পর ডিফেন্ডার জেরার্ড পিকে জানালেন, লিগ ধরে রাখাটা রীতিমতো অসম্ভবই হয়ে গেল দলের। তবে কোচ কিকে সেতিয়েন বলছেন ভিন্ন কথা। সবকয়টা ম্যাচ জিতবে না রিয়াল, বিশ্বাস তার।
সেভিয়ার বিপক্ষে ম্যাচটা আর সবার জন্যে বধ্যভূমি হলেও বার্সেলোনার জন্য যেন ফুলে ছাওয়া রাস্তাই। আন্দালুসিয়ান দলটার বিপক্ষে সর্বশেষ ২০১৫ মৌসুমে হেরেছিলেন লিওনেল মেসিরা। এরপর থেকে লিগে টানা ৯ ম্যাচে অপরাজিত তারা।
তবে শুক্রবার রাতের ম্যাচটাকে ভুলেই যেতে চাইবেন লিওনেল মেসিরা। শুরুর তীব্রতা এদিন উবে গেল আধঘণ্টা যেতেই। এরপর থেকে সেভিয়ার আধিপত্য সওয়া বার্সেলোনা কমপক্ষে তিন তিনটি গোল হজম করতে পারত। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন ছিলেন বলে রক্ষা! ম্যাচের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটা তারা পেয়েছিল ৮৮ মিনিটে। দারুণ বিল্ডআপের পর প্রতিপক্ষ বক্সে ফাঁকায় দাঁড়ানো লুই সুয়ারেজ সুযোগটাকে কাজেই লাগাতে পারেননি। ফলে সেভিয়ার মাঠ থেকে একরাশ হতাশা সঙ্গে নিয়েই ফেরে কাতালানরা।
এই ড্রয়ের ফলে এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদ থেকে তিন পয়েন্টে এগিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। তবে আজ রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে নিলেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ চলে যাবে তালিকার শীর্ষে।
এমন অবস্থা থেকে লিগ জেতাকে রীতিমতো অসম্ভব বলেই মনে করছেন জেরার্ড পিকে। বার্সা ডিফেন্ডারের ভাষ্য, ‘লিগ জেতাটা খুবই কঠিন হয়ে পড়ল। আমরা সম্ভাব্য সবকিছুই করব, কিন্তু আমার মনে হয় না রিয়াল খুব একটা পয়েন্ট হারাবে। শেষ দুই ম্যাচে আমরা তেমনটাই দেখেছি। লিগের নিয়ন্ত্রণটা এখন আর আমাদের হাতে নেই।’
তবে কোচ কিকে সেতিয়েন পিকের বক্তব্যকে নেহায়েতই হতাশ প্রতিক্রিয়া বলে আখ্যা দেন। বলেন, ‘পিকে যা বলেছে তা কেবলই হতাশা থেকে বলেছে। আমি নিশ্চিত কাল সকালেই ব্যাপারটাকে ভিন্নভাবে দেখতে শুরু করবে সে।’
লিগের নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারটা মানলেও আশায় বুক বাঁধছেন স্প্যানিশ এই কোচ। সেতিয়েনের ভাষ্য, ‘আমার মনে হয় না রিয়াল তাদের সবকয়টা ম্যাচে জিতবে। বাস্তবতা হচ্ছে, লিগটা আর এখন আমাদের হাতে নেই। তবে পরিস্থিতি বদলাতেই পারে। আমরা জানতাম, প্রত্যেকটা ম্যাচ জেতা প্রায় অসম্ভব। এই ড্রয়ে আমি সন্তুষ্ট নই মোটেও, তবে হেরে যাওয়ার চেয়ে তো এটা ভালো!’
সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র। মেসির অভিব্যক্তিই বলে দিচ্ছে বার্সার হতাশা —
