ঠাকুরগাঁও-২ আসনে নৌকার মনোনয়নে বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০৮:৩২

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-২ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাবা-ছেলেসহ আওয়ামী লীগের হাফ ডজন নেতাকর্মী। 

 

এরা হলেন বর্তমান এমপি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম, তার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ মোস্তাক আলম টুলু, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার, প্রয়াত ভাষাসৈনিক, এমএলএ ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দবিরুল ইসলামের সেজো ছেলে আহসান উল্লাহ ফিলিপ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন রিপা। 

 

এদিকে একই আসনে বাবা বিরুদ্ধে ছেলে মনোনয়ন ফরম কেনার খবরে ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

 

হরিপুর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন পদধারী নেতা জানান, বাবার পক্ষে কাজ করতেই ছেলে মাজহারুল ইসলাম সুজন মনোনয়ন ফরম কিনেছেন। তবে বিষয়টিতে তারা নেগেটিভভাবে বিবেচনা করছেন। 

 

আরেকটি সূত্র জানান, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম ৬ বারের নির্বাচিত এমপি। এর আগে মনোনয়ন লাভের জন্য এভাবে কাউকে তার বিরুদ্ধে যেতে দেখা যায়নি। এবার তার পরিবারের সদস্যদের বিতর্কিত কিছু কার্যক্রম, রাজনীতিকে পরিবারতন্ত্র করা আর নেতাকর্মীদের অবমূল্যায়ন করার কারণেই মনোনয়ন পেতে বেগ পেতে হবে।

 

 

 

ইত্তেফাক/ইউবি