‘ডিজিটাল মার্কেটিং ফর ট্যুর অপারেটরস’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ২০ জুন ২০২০, ২১:১৬

‘ডিজিটাল মার্কেটিং ফর ট্যুর অপারেটরস’ শীর্ষক একটি অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।   

উক্ত প্রশিক্ষণে বাংলাদেশের ট্যুর অপারেটরস্, ট্রাভেল এজেন্টস্, রন্ধনশিল্পী, পর্যটনে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ভারতের কয়েকজন ছাত্র ও পেশাজীবী মিলিয়ে মোট ৮৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ট্যুরিজম প্রফেশনাল অমিত কুমার দেবনাথ, মালটিপ্লাই ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকতা নাঈম আহমেদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার আসিফ কবির।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও  বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়কারী এ এইচ এম শফিকুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. এনায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি ও সম্মিলিত পর্যটন জোটের আহ্বায়ক মোখলেছুর রহমান।

আরো পড়ুন: নবাবগঞ্জে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত

প্রশিক্ষণ শেষে মূল্যায়ন সেশনে ভারত ও বাংলাদেশের প্রশিক্ষণার্থীগণ একে সময়োপযোগী বলে অভিহিত করেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কারিগরি বিষয় নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠানের অনুরোধ জানান। প্রফেসর ড. মো. এনায়েত হোসেন তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপযোগী করে অনুরূপ একটি প্রশিক্ষণ আয়োজনের জন্য বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন ও বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রতি আহ্বান জানান।

সবশেষে সকলকে ধন্যবাদ বক্তব্য দিয়ে টুরিজম ফাউন্ডেশনের সহসভাপতি জয়িতা শেখ ভবিষ্যতে এমন আরো ট্রেনিং পরিকল্পনা  বাস্তবায়ন করার আশা ব্যক্ত করে ট্রেনিং অনুষ্ঠান শেষ করেন।

ইত্তেফাক/এএএম