“আমেরিকা সমস্যা নয়, সমস্যা হচ্ছে ভুয়া সংবাদ। যখনই কিছু চোখে পড়বে, মুখ খুলুন। একমাত্র আপনিই এটি প্রতিরোধ করতে পারেন”—এই রকম একটি চমত্কার বাণীওয়ালা ভিডিও টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমস্যা হচ্ছে, ঐ টুইটে যে ভিডিও জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সেটিই ভুয়া!
মার্কিন প্রেসিডেন্টের ঐ টুইটের ‘সুবাদে’ প্রথমবারের মতো তার টুইট করা কোনো ভিডিওতে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ লেবেল সেঁটে দিয়েছে টুইটার।—খবর বিবিসির
সিএনএনয়ের নামে ভুয়া ক্যাপশন জুড়ে দেওয়া ভিডিওতে দেখা গেছে, শ্বেতাঙ্গ এক শিশুর কাছ থেকে দৌড়ে পালাচ্ছে এক কৃষ্ণাঙ্গ শিশু। ভিডিওটিকে সিএনএনয়ের পক্ষ থেকে ‘ভুয়া খবর’ দাবি করার আগে এটির ক্যাপশন ছিল এমন, “আতঙ্কিত শিশু বর্ণবাদী শিশু থেকে পালাচ্ছে।”
ভিডিওতে টুইটারের সতর্ক বার্তা লেবেলে ক্লিক করলে গ্রাহককে একটি পেইজে নেওয়া হয়, যেখানে লেখা রয়েছে, “প্রেসিডেন্ট ভিডিওর এমন একটি সংস্করণ শেয়ার করেছেন, যা অনেক সাংবাদিকই এডিটেড বলে নিশ্চিত করেছেন এবং সিএনএনয়ের ভিডিও হিসেবে সাজানো হয়েছে।” আদতে মূল ভিডিওটির একটি অংশ নিয়ে সেটিকে সিএনএনয়ের ভুয়া প্রতিবেদন হিসেবে দেখানো হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে ঐ ভিডিওটির কেবল একটি অংশ নিয়ে সিএনএন শ্বেতাঙ্গ শিশুটিতে বর্ণবাদী হিসেবে দেখাতে চেয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের ঐ টুইটের পরপরই সিএনএন অভিযোগ করেছে, এমন কোনো প্রতিবেদন প্রচার করেনি মার্কিন ঐ কেবল টিভি চ্যানেল। অসংখ্য সংবাদকর্মীও সাক্ষ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের পোস্ট করা কনটেন্টই আসলে কারসাজি করা।
