রয়টার্স
ওষুধ, সুরক্ষা উপকরণসহ ৬ কোটি ডলার মূল্যের চিকিত্সাসামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের পুলিশ দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে গ্রেফতার করেছে। শুক্রবার গ্রেফতারের পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে হারারের একটি থানায় নিয়ে যাওয়া হয়। একই অভিযোগে পুলিশ গত সপ্তাহে ডেলিস এনগুওয়ায়া নামের এক ব্যক্তিকেও গ্রেফতার করে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
করোনা মোকাবিলায় জরুরি ওষুধ, টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) সরবরাহে ড্রাক্স ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে জিম্বাবুয়ে সরকার। এই কোম্পানিকে চিকিত্সা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দিতে মোয়ো দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া পরে মেডিক্যাল সরঞ্জাম ক্রয়ের ঐ চুক্তি বাতিল করেন। আফ্রিকার এই দেশটিতে গতকাল পর্যন্ত প্রায় ৫০০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে চার জন।
বরার্ট মুগাবে পদত্যাগের পর জিম্বাবুয়ের ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া। তবে সম্প্র্রতি গত এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে অপর্যাপ্ত সেবা এবং সরকারি দুর্নীতির অভিযোগে দেশটিতে নাগরিক ক্ষোভ বাড়ছে।
