হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রচণ্ড গরম। তাই সেখানে ভর্তি এক রোগীর পরিবারের লোক এয়ারকুলার এনেছিলেন। ভেন্টিলেটরের প্লাগ খুলে সেখানে চালু করেন এয়ার কুলার। এর আধাঘণ্টা পরই মৃত্যু হয় ৪০ বছরের ওই ব্যক্তির। সম্প্রতি ঘটনাটি ঘটছে রাজস্থানের কোটার সরকারি হাসপাতালে। তার পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, ১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মহা রাও ভীমসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৪০ বছরের ওই ব্যক্তিকে। তখন প্রথমে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু সেখানে থাকা অন্য রোগীদের করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পর ১৫ জুন তাকে আইসোলেশন ওয়ার্ডে সরিয়ে নিয়ে আসা হয়।
সেই আইসোলেশন ওয়ার্ড বাতানুকূল ছিল না। তাই ওই ব্যক্তির আত্মীয়রা সেখানে একটি এয়ারকুলার নিয়ে আসেন। কিন্তু কুলার লাগানোর প্লাগ খুঁজে পাননি তারা। তখন ওই ব্যক্তির ভেন্টিলেটর যে প্লাগে গোঁজা ছিল, তা খুলে দেন ও কুলারের প্লাগ লাগান তারা। প্লাগ খোলার পর আধাঘণ্টা মতো চলেছিল ভেন্টিলেটরটি। কিন্তু তার পর বন্ধ হয়ে যায়।
