সাভারে মধ্যবিত্তদের পাশে উপজেলা চেয়ারম্যান
ইত্তেফাক রিপোর্ট
করোনার দুঃসময়ে নিম্ন-আয়ের মানুষ খাবারসহ নানা সংকটে। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের অনেকেই এ সংকটের বাইরে নন। এই দুই শ্রেণির অনেকে সরাসরি কারো কাছে হাত পাততে পারেন না। তাদের কথা বিবেচনায় নিয়ে ব্যতিক্রমী উদ্যোগের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে রাজধানীর উপকণ্ঠ সাভারে। দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি মধ্যবিত্ত ও যাদের পক্ষে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নেওয়া সম্ভব নয়, রাতের আঁধারে তাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। করোনা দুর্যোগের শুরু থেকে তিনি এ কাজ চালিয়ে যাচ্ছেন।
আর এ ব্যতিক্রমী সহায়তা দিতে হটলাইন সেবা চালু করেছেন তিনি। তার মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৪ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছেন। এ সেবার বাইরেও প্রায় ১৬ হাজার হতদরিদ্র, দুস্থ, কর্মহীন শ্রমজীবী ও প্রতিবন্ধীর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তিনি।
চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভার একটি জনবহুল শিল্প এলাকা। জনসংখ্যার তুলনায় সরকারি ত্রাণ অপ্রতুল হওয়ায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে যথাসাধ্য সহায়তা করে যাচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত যারা সরাসরি ত্রাণসহায়তা চাইতে পারেন না তাদের কাছে স্বেচ্ছাসেবকরা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। গ্রহণকারীদের পরিচয় গোপন রাখা হয়।
