কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দিবে আওয়ামী লীগ

আপডেট : ২১ জুন ২০২০, ০০:১৬

রাজধানী ঢাকার পর এবার বিভাগীয় পর্যায়ে অনলাইনে মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। প্রথম পর্যায়ে রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে এই আয়োজন করা হয়েছে যা আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টায় শুরু হবে। বিভাগীয় পর্যায়ে অনলাইনে এই স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। এর আগে ঢাকায় ১০০ জনকে অনলাইনের মাধ্যমে এই ট্রেনিং করানো হয়। এবারে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের আরো ১০০ জন এই অনলাইন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবে।