পিরোজপুরে ৭ দিনেও আসেনি করোনা পরীক্ষার রিপোর্ট

আপডেট : ২১ জুন ২০২০, ১৬:১৮

গত সাতদিন করোনা পরীক্ষার রিপোর্ট পিরোজপুরে না আসায় এ জেলায় নতুন রোগী শনাক্ত আটকে আছে। ফলে জেলায় করোনা রোগীর নেগেটিভ বা পজেটিভ সংখ্যা নির্ণয় সম্ভব হচ্ছে না। এ অচলাবস্থার কথা জানিয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকী। 

তিনি ইত্তেফাককে জানান, গত ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট ৭৪৬ জনের করোনা শনাক্তকরণ নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু পরীক্ষা শেষ হয়েছে কিনা তা জানা যায়নি। বরিশাল বা ঢাকার পিসিআর ল্যাবে এ নমুনা জটে পড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকার জানান, গত বুধবারের পর থেকে সদর উপজেলায় প্রতিদিনই নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু আগের সাতদিনের টেস্ট রিপোর্ট হাতে না পাওয়ায় নতুন বা পুরান রোগীদের করোনা আছে কি নেই তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। সে কারণে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়াও বন্ধ থাকছে। পাশাপাশি অনেকেই মানসিক দুশ্চিন্তায় মধ্যে রয়েছেন। 

সাতদিন আগে জেলায় করোনা রোগীর সংখ্যা ছিলো ১৩৪ জন। তারমধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন এবং তিনজন মারা গেছেন। টেস্ট রিপোর্ট সাতদিন ধরে আটকে থাকায় পিরোজপুর জেলায় করোনা রোগীর নতুন সংখ্যাও নির্ণয় করা যাচ্ছে না। জেলার করোনা পরিস্থিতির উন্নতি বা অবনতি সে সম্পর্কে কিছুই আচ করা সম্ভব হচ্ছে না। 

ইত্তেফাক/ইউবি