সোহেল সারোয়ার চঞ্চল
প্রায় সাড়ে তিন বছর বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন অস্ট্রেলিয়ান পল স্মলী। গত তিন মাস ছিলেন না। চুক্তি নবায়ন করা হয়নি বা পলও চায়নি। চলে গিয়েছিলেন পল। এখন তাকে আবার বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পদে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘পল আগে থেকে কাজ করে আসছিল। একজন ডেডিকেটেড ডাইরেক্টর এই পদে প্রয়োজন সেটা মনে করছে টেকনিক্যাল কমিটি। পল আগেও কাজ করে গিয়েছেন তাই হয়তো তার ওপর আস্থা রেখে টেকনিক্যাল কমিটি পল স্মলীর নাম সুপারিশ করেছে। বাফুফের নির্বাহী কমিটিতে উঠবে সেটা। দুই বছরের জন্য পলকে নেওয়া হবে এমনটা জানিয়েছেন তাবিথ। তিনি বলেছেন অতীতকে বিবেচনা করে পলকে আমরা সুপারিশ করেছি। আশাকরি পলকে দেখতে পারব।’
ফিফা যে অনুদান দেয় সেখান থেকেই টেকনিক্যাল ডাইরেক্টরের বেতন দেওয়া হয়। টেকনিক্যাল ডাইরেক্টর না থাকলে অনুদানও পাবে না। জানা গেছে, পল ঢাকা ছেড়ে ব্রুনাইয়ে তিন মাস ছিলেন। মে মাসে চুক্তি শেষ হয়েছে নাকি তাকে রাখার প্রয়োজন মনে করেনি সেটাও নিশ্চিত না।
ফুটবলে নতুন দুয়ার খুলছে
অনেক দেরিতে হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তৃণমূলে ভালো উদ্যোগ নিয়েছে। ১২০টি ফুটবল একাডেমিকে বাফুফের আওতায় আনতে যাচ্ছে। আনার ঘোষণা দিয়েছে। সারাদেশে কয়েক হাজার ফুটবল একাডেমি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। যারা বছরের পর বছর ফুটবলের জন্য কাজ করে যাচ্ছে। খেলোয়াড় তৈরির কারিগর হিসেবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তারা প্রচারের আলোয় আসে না। কিংবা বাফুফে জানতেও পারে না ফুটবলের বড়ো মঞ্চে আসা খেলোয়াড়কে ঘষেমেজে কারা দাঁড় করিয়েছে। বাফুফে জানিয়েছে এসব নাম না জানা একাডেমিগুলোকে বাফুফের তালিকাভুক্ত করা হয়। তিনটি ক্যাটেগরিতে এই তালিকা করা হবে বলে গতকাল বাফুফের টেকনিক্যাল কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। ১২০ একাডেমিকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌখিন ফুটবলার এবং প্রতিবন্ধীদেরও ফুটবলে অন্তর্ভুক্ত করা হবে
বাফুফের টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে দেশে অনেক অ্যামেচার ফুটবলার রয়েছে, যারা নিয়মিত ফুটবল খেলে থাকেন। সেখানে খুব ভালো মানের খেলোয়াড়ও রয়েছে। সেসব অ্যামেচার বা সৌখিন ফুটবলারদের জন্য দুয়ার খুলছে বাফুফে। যারা সৌখিন ফুটবলার তারা নিয়মিত ফুটবল চর্চা করবে এমনটা চাইছে বাফুফে। এর জন্য একটা নীতিমালাও করার উদ্যোগ নিয়েছে। যারা ফুটবল খেলাটা শিখতে চায়, সৌখিন ফুটবলার হতে চায় তাদের জন্য এই ব্যবস্থা থাকবে।
বাফুফেতে এতদিন প্রতিবন্ধীদের জন্য ফুটবল খেলার কোনো ব্যবস্থা ছিল না। গতকাল টেকনিক্যাল কমিটির ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে প্রতিবন্ধী ফুটবলারদের জন্য খেলার আয়োজন করবে বাফুফে। তাবিথ আওয়াল জানিয়েছেন অ্যামেচার হিসেবে যারা ফুটবল খেলতে চায় বা শিখতে চায় এবং যেসব প্রতিবন্ধী ভাইবোন রয়েছে তাদেরকে ফুটবলে অন্তর্ভুক্ত করব।
