শবরীমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাস গড়লেন দুই নারী

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:১৭

ভারতের কেরালার আলোচিত শবরীমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাস তৈরি করলেন দুই নারী। তাদের উভয়ের বয়স ৪০-এর ঘরে। আগে এই মন্দিরে ঋতুবতী নারীদের প্রবেশাধিকার ছিল না। কয়েক মাস আগে ভারতের সুপ্রিম কোর্ট তাদের মন্দিরে প্রবেশাধিকারের রায় দেন। ওই রায়ের পর এই প্রথমবারের মতো সেখানে কোনো ঋতুমতী নারী প্রবেশ করলো।

পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে পাহাড়ঘেরা মন্দিরটিতে প্রবেশ করেন দুই নারী। ভোর পৌনে চারটা থেকে পাম্বা বেস ক্যাম্প থেকে পাহাড়ে উঠতে শুরু করেন তারা। এক পর্যায়ে পৌঁছে যান মন্দিরে। তাদের প্রবেশের পরপরই ‘শুদ্ধিকরণের’ জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, নারীরা মন্দিরে প্রবেশ করেছেন, এটা সত্য। যারা সেখানে যেতে চান তাদের সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব।

২০১৮ সালের সেপ্টেম্বরে এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট জানায়, সব বয়সী নারীরাই শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন।