ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণজনিত এই সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য উন্নয়ন কার্যক্রম ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এসব পদক্ষেপে অর্থনীতির চাকা চলমান রাখতে অবদান রাখছে। গতকাল রবিবার স্পিকার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার নির্বাচনি এলাকা রংপুরের পীরগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন-জীবিকা সুরক্ষা করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ, সংকট সময়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অসচ্ছলতা দূরীকরণের জন্য নগদ অর্থ সহায়তা ঘোষণা ও সরকারি অনুদান, বিভিন্ন প্রকার প্রণোদনা, স্বাস্থ্যবিমার ব্যবস্থাসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন।
পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ৮৫০টি মসজিদের অনুকূলে ২০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭০ লাখ টাকার চেক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক এবং ঢাকা-রংপুর ছয় লেন রাস্তার জন্য পীরগঞ্জ অংশের জমি অধিগ্রহণের ৮৭টি চেক বাবদ ৯ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৯২৫ টাকার চেক বিতরণ করা হয়। প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের অনুকূলে সরকারি অনুদান বরাদ্দ সম্ভব হওয়ায় স্পিকার তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
