১১ মাসে সংশোধিত এডিপির ৫৭ শতাংশ বাস্তবায়ন

আপডেট : ২১ জুন ২০২০, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

চলতি ২০১৯-২০ অর্থবছরের জুলাই-মে সময়কালে অর্থাত্ ১১ মাসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ৫৭ দশমিক ৩৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৬৭ দশমিক ৯৭ শতাংশ। গতকাল রবিবার একনেক বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। গত অর্থবছরের তুলনায় ১০ শতাংশ কম বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, গত চারমাস যাবত্ কাজ বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে দেশের উন্নয়ন কাজ স্থবির হয়ে যাওয়ায় এডিপি বাস্তবায়নও কম হয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরের শুরুতে এডিপির আকার ধরা হয়েছিল ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। পরবর্তীতে এর আকার ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকায় সংশোধন করে আরএডিপি নির্ধারণ করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর তথ্যানুযায়ী চলতি অর্থবছরের ১১ মাসে আরএডিপি টাকার অঙ্কে ১ লাখ ১০ হাজার ৬৭৮ কোটি টাকা ব্যয় হয়েছে। সংশোধিত এডিপি পুর্নাঙ্গ বাস্তবায়ন করতে হলে অর্থবছরের শেষ এক মাসে ব্যয় করতে হবে ৮২ হাজার ২২৪ কোটি টাকা। সংশ্লিষ্ট সুত্র জানায়, করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় সারাদেশে দীর্ঘসময় ছুটি থাকার ফলে স্বাভাবিক কাজকর্ম প্রায় বন্ধ ছিল। শুধু জরুরি বিভিন্ন কাজ করা হয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে। ফলে এর প্রভাব পড়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও। গুরুত্বপূর্ণ বা অগ্রাধিকার ছাড়া অন্য প্রকল্পগুলো প্রায় স্থবির হয়েছিল।