ফরিদপুরে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের চতুর্থ দফায় আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ফরিদপুর ১ নম্বর আমলী আদালতের বিচারক মো. ফারুক হোসাইনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। মাদক মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল তাদের আদালতে হাজির করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০০ বস্তা চাল উদ্ধারের ঘটনার মামলায় পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, আদালত জিজ্ঞাসাবাদের জন্য আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৭ জুন বরকত ও রুবেলের গাড়ির গ্যারেজ, গোডাউন থেকে ১ হাজার ২০০ বস্তা চাল জব্দ করে পুলিশ। এই ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।
এর আগে প্রথম দফায় অস্ত্র মামলায় বরকত ও রুবেলসহ চার জনকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ, দ্বিতীয় দফায় সুবল সাহার বাড়িতে হামলার মামলায় বরকত ও রুবেলসহ তিন জনকে আরো পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তৃতীয় দফায় মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলায় ঘটনার মামলায় গত ৭ জুন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ছোটো ভাই ইমতিয়াজ হোসেন রুবেলসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
