অসুস্থ বড়ো ভাইকে দেখতে কানাডা গেছেন হানিফ

আপডেট : ২২ জুন ২০২০, ০০:৪২

করোনা ভাইরাস সঙ্কটের মধ্যেই কানাডা গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। কানাডায় বসবাসরত অসুস্থ বড়ো ভাই রবিউল আলমকে দেখতে তিনি সে দেশে গেছেন। শুক্রবার রাতে তিনি প্রথমে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৯) দোহা যান। সেখান থেকে ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যান আওয়ামী লীগের এই নেতা।

মাহবুবউল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল তার কানাডা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহবুবউল আলম হানিফের দুই ছেলে কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন। সেখানে তার আরো আত্মীয়-স্বজন রয়েছেন। এর মধ্যে তার এক বড়ো ভাই অসুস্থ। এছাড়া হানিফের দুই বোন কানাডায় থাকেন। কিন্তু করোনার জন্য হানিফ অনেক দিন ধরে সেখানে যেতে পারছিলেন না। তাই তাদের সবার সঙ্গে দেখা করতেই তিনি কানাডায় গেছেন। খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান টুটুল।

সূত্র জানিয়েছে, কানাডায় হানিফের ১০ থেকে ১৫ দিন থাকার কথা রয়েছে। এছাড়া দেশের বাইরে যাওয়ার আগে হানিফ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে বিষয়টি অবহিত করেছেন।