ইউটিউবে মাহবুবুল এ খালিদের বাবা দিবসের গান

আপডেট : ২২ জুন ২০২০, ১৯:১৫

বিনোদন রিপোর্ট

 

২১ জুন বিশ্ব বাবা দিবস। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার দিবসটি পালিত হয়। বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে একটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘বাবা আমার বাবা’ শিরোনামের ওই গানটিতে বিশ্বের সব পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে। গানটিতে সুরারোপ করেছেন তরুণ সুরকার রোমান রহমান। আর মিষ্টি কণ্ঠে ধারণ করেছেন হাসনাত তাসনিম সংগীতা। শুক্রবার গানটির একটি নতুন মিউজিক ভিডিও ইউটিউবের খালিদ সংগীত চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া গানটি মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট খালিদ সংগীত ডটকম-এ প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে বাবা বটবৃক্ষের ছায়া হয়ে থাকেন। বাবা পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। বাবার সঙ্গে পৃথিবীর আর কারও তুলনা হয় না। সন্তানের জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না তিনি। বিপদে-আপদে তার কাছে আশ্রয় পাওয়া যায়।’