স্পোর্টস ডেস্ক
বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি ম্যাচ ফিক্সিং ও দুর্নীতি হচ্ছে ভারতীয় ক্রিকেটে। এমন তথ্য দিলেন আইসিসির দুর্নীতি দমন কমিশনের (আকসু) তদন্ত সমন্বয়ক স্টিভ রিচার্ডসন।
ক্রীড়া আইন ও নীতিমালা নিয়ে এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে রিচার্ডসন জানিয়েছেন, বড় মঞ্চ না পাওয়ায় জুয়াড়িরা এখন ঘরোয়া ক্রিকেটে নজর দিয়েছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে ম্যাচ ফিক্সিংয়ের মোট ৫০টি ঘটনা নিয়ে তদন্ত করছে আইসিসি। তার মধ্যে বেশির ভাগ ঘটনার সঙ্গেই সরাসরি ভারতের নাম যুক্ত।’
জড়িত জুয়াড়িদের তালিকাও করে ফেলেছে আইসিসি। রিচার্ডসন বলেন, ‘এখানে যেসব জুয়াড়ি নিয়মিত অপরাধ করছে তাদের তালিকাও আমাদের কাছে আছে। ক্রিকেটাররা এখানে শেষ ঘুঁটি। আসল দোষী হলো যারা অর্থ সরবরাহ করছে। এমন আট জনের নাম রয়েছে আমাদের কাছে। আরো গভীরে গিয়ে ফিক্সিংয়ের তদন্ত করতে চাইছি আমরা।’
সেই ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট-ফিক্সিং কেলেঙ্কারি ছাড়া গত এক দশকে ভারতীয় ক্রিকেটে বড়ো দুর্নীতির ঘটনা সে অর্থে নেই। যদিও, কর্ণাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) ছোটখাটো দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে বটে, কিন্তু তাতেও বড়ো নামের কোনো তারকা জড়িয়ে পড়েননি।
স্টিভ রিচার্ডসন বলছেন, ‘সমস্যাটা এখানেই। বড়ো কোনো ম্যাচে দুর্নীতি করতে না পেরে ফিক্সাররা ছোটো ছোটো ম্যাচে ফিক্সিং করছে। রাজ্য লিগ, টিভিতে দেখানো হয় এমন ছোটখাটো সব টুর্নামেন্টে চলছে দেদার ফিক্সিং। টার্গেট করা হচ্ছে অপেক্ষাকৃত কম আয়ের ক্রিকেটারদের। তার থেকেও অনেক বেশি টার্গেট করা হচ্ছে সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত অন্যদের।’
