সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে লালন মিয়া (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এটিই উপজেলায় করোনা আক্রান্ত প্রথম কোন ব্যক্তির মৃত্যুর ঘটনা। সোমবার (২২ জুন) বিকালে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লালন মিয়া উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।
আরো পড়ুন: খুলনায় করোনায় আরো একজনের মৃত্যু
জানা গেছে, গত ৯ জুন (মঙ্গলবার) লালন মিয়ার রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলোশনে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, ‘লালন মিয়ার মৃত্যুর খবর শুনেছি। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার লাশ নিরাপদে বাড়ি পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
ইত্তেফাক/এএএম
