বরিশালে বিক্রি হচ্ছে নকল স্যানিটাইজার

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৩৬

দুই জন আটক

বরিশাল অফিস

বরিশাল নগরীতে যত্রতত্র বিক্রি হচ্ছে নকল স্যানিটাইজার। বিভিন্ন ওষুধ কোম্পানির নাম বিকৃত করে নকল স্যানিটাইজার বিক্রি করে আসছে একটি চক্র। সোমবার বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নকল স্যানিটাইজার সরবরাহ কালে দুই জনকে আটক করে। এ সময় নকল স্যানিটাইজার সরবরাহের প্রমাণাদি পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, বিভিন্ন ওষুধ কোম্পানির নাম বিকৃত করে ওষুধ, স্যানিটাইজার ও ডিজইনফেকটেন্ট সামগ্রী বিক্রির দায়ে সরবরাহকারী সজল জমাদ্দার রাজীব ও মোস্তফা কামালকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি জানান, এ দুই জন মিলে মূলত বরিশালে এসব নকলসামগ্রী সরবরাহ করত। এছাড়া অভিযান পরিচালনাকালে নকলসামগ্রী বিক্রির দায়ে আরো সাত জনের কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায়সহ প্রায় লক্ষাধিক টাকার নকল ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়।