ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে পুনঃভোট ৯ জানুয়ারি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:৪৭

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত ৩টি ভোট কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত মঙ্গলবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে পুনঃভোট গ্রহণের তথ্য জানানো হয়েছে। ওই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত তিনটি ভোটকেন্দ্রে ৯ জানুয়ারি ভোট নেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গত ৩০ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ফলাফল ঘোষণাকালে বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ও তার নিকটতম প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের থেকে কম হওয়ায় এ আসনের স্থগিত কেন্দ্রের পুনঃভোটের প্রয়োজন হবে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।

স্থগিত ওই তিনটি কেন্দ্র হচ্ছে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই তিনটি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪টি। আর প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভুঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈনউদ্দিন মঈন কলারছড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।