কাঁঠাল পাড়া নিয়ে ভাগনের হাতে মামা খুন

আপডেট : ২২ জুন ২০২০, ২২:০৩

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাগনের বঁটির আঘাতে মামা খুন হয়েছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারগাঁওয়ের পশ্চিম সনমান্দী গ্রামে। নিহত ব্যক্তির নাম আবুল কাসেম। তিনি একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। এলাকাবাসী ভাগনে হূদয়কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  পুলিশ ও এলাকাবাসী জানায়, আবুল কাসেমের বাড়িতে রবিবার বিকালে বেড়াতে আসেন বোন রূপবান বেগম ও ভাগনে হূদয়। রাতে হূদয় তার মায়ের জমি দাবি করে মামার বসতবাড়ির গাছের কাঁঠাল পাড়তে শুরু করে। এ সময় বাধা দিলে বাগিবতণ্ডার একপর্যায়ে  হূদয় উত্তেজিত হয়ে আবুল কাসেমকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করে। মামি শামসুন্নাহার এগিয়ে এলে হূদয় তাকেও কুপিয়ে জখম করে। আবুল কাসেমকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।