বিশ্ববিদ্যালয় রিপোর্টার
করোনা ভাইরাস পরিস্থিতিতে অনলাইন শিক্ষাকার্যক্রমকে ত্বরান্বিত করতে উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এ উদ্যোগ নিয়েছে। শিক্ষাকার্যক্রমকে আরো সহজ, গতিশীল ও কাগজহীন করতে মোবাইল ও ওয়েব অ্যাপ চালুর পরিকল্পনা তাদের। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়ন ও সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। গতকাল সোমবার এমআইএস বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচিত অ্যাপটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। জুলাই থেকে এটি ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। অনলাইনে পাঠদান, পরীক্ষা কার্যক্রম, বিভাগীয় বিভিন্ন সেবা ত্বরান্বিত করাসহ নানা ধরনের কাজ করা যাবে নির্মিতব্য অ্যাপটি দিয়ে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, এমনকি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের জন্যও এ অ্যাপে যুক্ত থাকছে বিভিন্ন ফিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের চেয়ারম্যান মো. আকরাম হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভাগটির শিক্ষকেরা এ অ্যাপ নির্মাণে কাজ করছেন।
