অসদাচরণ ও অর্থ আত্মসাত্ ও প্রতারণার অভিযোগে বিভাগীয় মামলা রুজুসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ ইসহাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ তিনটি পদে রদবদল করা হয়েছে। গতকাল সোমবার ডিএসসিসিরি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে বলা হয়, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সি মোহাম্মদ আবুল হাসেমকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সিভিল সার্কেলে বদলি করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সিভিল সার্কেলের কাজী মো. বোরহান উদ্দিনকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং নিজ দায়িত্বসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর/যান্ত্রিক), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে বদলি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং নিজ দায়িত্বসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে থাকা খাইরুল বাকেরকে পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (পুর) দায়িত্ব দেওয়া হয়েছে।
