ভারত চীন সীমান্তের লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সমস্যার মধ্যেই আরো এক সীমান্ত সমস্যা তৈরি করেছে নেপাল। সম্প্রতি দেশের নতুন মানচিত্র পার্লামেন্টে পাস করিয়েছে নেপাল সরকার। সেখানে তারা স্থান দিয়েছে ভারতের তিনটি এলাকা। এবার তাদের দাবি বিহারের এক অঞ্চল। নেপাল সীমান্তে বিহারের পূর্ব চম্পারণ জেলায় বাঁধ বাঁধার কাজ করছিলো বিহারের পানি সম্পদ দফতর। সেই কাজ বন্ধ করে দিয়েছে নেপাল। তাদের দাবি, ঐ এলাকা নেপালের ভূখ্লে পড়ে। বিহার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লাল বাকি নদীতে বাঁধ বাঁধার কাজ জোর করে থামিয়ে দিয়েছে নেপাল সরকার। বহুদিন আগে থেকেই লাল বাকি নদীতে ঐ বাঁধ ছিল। হঠাত্ করে তারা কাজে বাধা দিয়েছে। বিহার সরকার নেপালের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছিল। কিন্তু তাতে কান দেয়নি নেপাল। ফলে বিহার সরকার পুরো বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয় ও দিল্লির নেপালি দূতাবাসে। এদিকে জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে এক সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। —ভয়েস অব আমেরিকা ও হিন্দুস্তান টাইমস
