বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড সংখ্যাক আক্রান্ত হয়েছে। সোমবার মোট ৮৮৭টি নমুনা পরীক্ষা করে ফলাফলে ১৩৬ জনের পজিটিভ এসেছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৩০ জনে। মঙ্গলবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ১০ জুন ঢাকায় পাঠানো নমুনাসহ বগুড়ার সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাব থেকে ৮৮৭টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ঢাকায় পাঠানো ৫৪৮টি নমুনার মধ্যে ৩৩ জনের পজিটিভ এসেছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩৮ জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের ল্যাবে ১৫১টি নমুনার মধ্যে ৬৫টি পজিটিভ এসেছে।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, সোমবার ১৩৬ জনের মধ্যে বগুড়া সদরের ৮৩ জন, সারিয়াকান্দিতে ৪ জন, শাজাহানপুরে ১৪ জন, শেরপুরে ৮, সোনাতলা ও গাবতলীতে ২জন করে, শিবগঞ্জ ১২, কাহালু ৮, নন্দীগ্রামে ও ধুনটে একজন শনাক্ত হয়েছেন। তিনি জানান, জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন মারা গেছেন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬জনে।
ইত্তেফাক/আরকেজি
