মাথা গরম না করে ইতিবাচক রাজনীতিতে আসুন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:৫৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মাথা গরম না করে ইতিবাচক রাজনীতিতে আসতে ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের শপথ গ্রহণ করা উচিত। অতীতের মতো একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। কেননা অতীতের ভুলের জন্য আপনাদের অনেক ক্ষতি হয়েছে। মাথা গরম করে আপনাদের ক্ষতি হয়েছে। তাই আর মাথা গরম না করে ইতিবাচক রাজনীতিতে এসে নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করুন।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, তারা অনেক কথা বলেছেন, কিন্তু নিজেরাই কোনো কথা রাখেননি। তারা বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন করবেন না। এখন শপথ গ্রহণ করবেন না বলেছেন। আমি বিশ্বাস করি, তারা শপথ গ্রহণও করবেন।

মোহাম্মদ নাসিম বলেন, সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের এ বিশাল জয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ স্বাধীনতাবিরোধী শক্তিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। এই অবিস্মরণীয় বিজয়ের মাধ্যমে জনগণ সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তরুণ ও নারীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট প্রদান করেছেন, তাতে পরিষ্কার বোঝা যায়, জনগণ কোনো জঙ্গিবাদী-সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব চায় না। নির্বাচনে মহাজোটের নিরঙ্কুশ জয়ে ভোটারসহ দেশের জনগণকে ১৪ দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এই বিজয় গণতন্ত্রের বিজয়। এই বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিস্মরণীয় নেতৃত্বের বিজয়।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুনঃভোটের দাবিতে ইসিতে স্মারকলিপি কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এই নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। জনগণ প্রকাশ্যে ভোট দিয়েছে, সবাই দেখেছে। যেখানে আমেরিকা, ব্রিটেন, ভারত, চীন, কাতার, শ্রীলঙ্কাসহ সারা বিশ্ব থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হচ্ছে, সেখানে স্মারকলিপি দেওয়া হাস্যকর ব্যাপার।

সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এবারের নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো অনিয়ম দেখাতে পারেনি ঐক্যফ্রন্ট। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ দুটি রায় দিয়েছে। একটি হচ্ছে জঙ্গি, সন্ত্রাসমুক্ত শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে রায়। আরেকটি হচ্ছে যারা রাজাকার, জামায়াত, সাম্প্রদায়িক জঙ্গিবাদী সম্প্রদায়ের সঙ্গে পার্টনারশিপ করে যারা অশান্তির রাজনীতি করেন, তাদের বর্জন এবং চূড়ান্তভাবে প্রত্যাখ্যান।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের এসকে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, ন্যাপ’র ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনী সহিংসতায় আহত

দুই জনের শয্যাপাশে স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনের আগে সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ নেতা ডা. মাহবুবুর রহমান ও প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসানকে দেখতে গতকাল সিএমএইচ যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিত্সার খোঁজখবর নেন, তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।