এই করোনা সংকটকালে দেশের রক মিউজিকের সবচেয়ে জনপ্রিয় গায়িকা মিলা ইসলাম তার নিজস্ব ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত রয়েছেন। মিলা বলেন, ‘নিজের মতো গান নিয়ে আমি বেশ আছি। নতুন কিছু গানের কাজও করছি। এখন তো আর আমাদের কারোরই স্টেজ শো করার সুযোগ নেই। তাই অনলাইন কনসার্টে অংশ নিলাম। আমার সবচেয়ে বড় শক্তি মূলত শ্রোতারা। প্রতিদিন এত এত মেসেজ পাই। নতুন গান কবে পাবো, নতুন মিউজিক ভিডিওর জন্য আকুতি। এসব যখন আমার ভক্তদের কাছ থেকে শুনি তখন মনে হয় সত্যিই জীবনের স্বার্থকতা হয়তো এখানেই।’ মিলা ইসলাম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সর্বশেষ জনপ্রিয় গান ‘ছেঁড়া পাল’-এর লাইভ ভার্সন প্রকাশ করেছেন। করোনাকালীন এই সময়ে নিজের জিমে সময় কাটানো থেকে শুরু করে গান শোনা, বইপড়া, মুভি দেখেই সময় কাটছে তার। সম্প্রতি বলিউড হিরো সুশান্তর মৃত্যু অন্য সবার মতো মিলাকেও ভাবাচ্ছে। মিলা বলেন, ‘ডিপ্রেশন বা এই মানসিক অবসাদ আমারও গিয়েছে। আমিও একা কাটিয়েছি অনেকটা সময়। এই মানসিক অবসাদের পীড়নটা আমি বুঝতে পারি। কিন্তু মিলা হেরে যাওয়ার পাত্র নয়। আমি জানি আমি কতটা সত্য নিয়ে বেঁচে আছি। আমার বাবা-মা আমাকে কোনো মিথ্যাচার শেখায়নি। পরিবার আমাকে সেই শঠতার শিক্ষা দেয়নি। মিলার আত্মবিশ্বাসে আঘাত দেওয়া অনেক কঠিন। তাই জীবনকে তুচ্ছ জ্ঞান করেও নিজে পরাজিত হওয়াকে কোনো সমাধান করি না।’ এছাড়া প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলেও কাটছে অনেকটা সময়। মিলা বলেন, ‘এই বৈশ্বিক সংকটের সময় আমরা মূলত সকলেই একটা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। সেই জায়গায় আমি আমার পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমার দর্শক-শ্রোতাদের জন্য নিয়মিত উপহার দেওয়ার চেষ্টা করছি এখন। সেই চেষ্টাতেই নিয়মিত কাজ করছি। আমার এক একটি জনপ্রিয় গানের বয়স একযুগেরও বেশি হয়েছে। এত বছর পরও শ্রোতা-দর্শকদের মনে একইভাবে আন্দোলিত করে আমার প্রতিটি গান। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আপনাদের প্রিয় মিলা হয়েই থাকতে পারি সবসময়।’
