পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে। তেমনই একটা দেশ নিউজিল্যান্ড। চলতি মাসের শুরুতেই দেশটিকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছিল। উলটো চিত্র বাংলাদেশে। জুন মাসে বাংলাদেশের করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
যার ফলে বাংলাদেশের ক্রিকেটেও করোনার ধাক্কা বড়ো রূপ পাচ্ছে। ঘরোয়া, আন্তর্জাতিক ক্রিকেট কার্যত থমকে আছে। এবার করোনার থাবায় স্থগিত হয়ে গেল আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজটাও। কিউইদের বিরুদ্ধে মুমিনুলদের হোম সিরিজটা নির্ধারিত সময়ে হচ্ছে না। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সম্মিলিত সিদ্ধান্তে টেস্ট সিরিজটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকার আসার কথা ছিল নিউজিল্যান্ডের। করোনায় স্থগিত হওয়া সিরিজটির দিনক্ষণ পুনরায় ঠিক করার জন্য দুই বোর্ড কাজ করবে বলেও জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বর্তমান কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে আগস্টে (২০২০ সাল) একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করা চ্যালেঞ্জ হবে প্রস্তুতির দিক থেকে। আমরা খেলোয়াড়, সহায়তাকর্মী এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা এবং স্বাস্থ্য বিষয় নিয়ে ঝুঁকি নিতে পারি না। এমন পরিস্থিতিতে বিসিবি এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) অনুভব করেছে যে, সিরিজটি পিছিয়ে দেওয়াই সবচেয়ে ভালো উপায়।’
তিনি আরো বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, সিদ্ধান্তটি উভয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য অত্যন্ত হতাশাব্যঞ্জক। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি বুঝতে পারায় এবং এ সিদ্ধান্তের পিছনে যুক্তিকে স্বীকৃতি দেওয়া অবশ্যই ধন্যবাদ জানাতে হবে।’
করোনা ভাইরাসের প্রকোপে একের পর এক আন্তর্জাতিক সিরিজ স্থগিত হচ্ছে। গত মার্চ থেকে ক্রিকেটের বাইরে আছে বাংলাদেশ জাতীয় দল। করোনার ধাক্কায় এখন পর্যন্ত বাংলাদেশ দলের তিনটি আন্তর্জাতিক সিরিজ স্থগিত হয়েছে।
গত এপ্রিলে পাকিস্তানে একটি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচ স্থগিত করা হয়েছিল। এরপর মে মাসে টাইগারদের আয়ারল্যান্ড সফর স্থগিত করা হয়। একই কারণে জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজও স্থগিত করা হয়েছে। এই সিরিজের সূচিও চূড়ান্ত করে ফেলেছিল দুই বোর্ড। সর্বশেষ হিসেবে করোনায় বিলীন সিরিজের তালিকায় যুক্ত হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট।
তবে জুলাই-আগস্টে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় নিচ্ছে বিসিবি। জুলাই না হলেও আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজটি খেলতে চায় শ্রীলঙ্কা।
