পাকিস্তান দল ইংল্যান্ড সফরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করবে। জীবাণুমুক্ত পরিবেশে সেখানে সিরিজ খেলবে তারা। তার আগেই একটা দুঃসংবাদ পেল দলটি। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের দশ ক্রিকেটার। শুরুতে হায়দার আলি, হারিস রউফ ও শাদাব খান আক্রান্ত বলে জানানো হয়। এরপর গতকাল সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, আরো সাত ক্রিকেটারের করোনা ভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। এতে তাদের ইংল্যান্ড সফরে যাওয়া অনিশ্চয়তায় পড়ে গেছে।
গতকাল নতুন করে সংক্রমণ ধরা পড়ে ফকর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজের! এ ছাড়া একজন ম্যাসাজ ম্যানেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার এক বিবৃতিতে জানায়, রাওয়ালপিন্ডিতে রবিবার করোনা ভাইরাস পরীক্ষা করানো পর্যন্ত এই তিন জনের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। তারা ১৪ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন। প্রথম ত্রয়ীর সঙ্গে রাওয়ালপিন্ডিতে পরীক্ষা করানো হয় ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির। তাদের ফল নেগেটিভ এসেছে। বোলিং কোচ ওয়াকার ইউনিস, অলরাউন্ডার শোয়েব মালিক ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন ছাড়া বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের সোমবার পরীক্ষা করানো হয় যথাক্রমে লাহোর, করাচি ও পেশোয়ারে।
এই দশ ক্রিকেটারের সংক্রমণ ধরা পড়ার পরও পিসিবি ইংল্যান্ড সফর বাতিল করেনি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, সকল ক্রিকেটারকে যার যার বাড়িতে আইসোলেশনে থাকার জন্য বলা হয়েছে। এ ছাড়া সবাইকে পিসিবি চিকিত্সকদের পরামর্শ মতো চলার জন্য বলেছে। এই দশ ক্রিকেটারের সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবাইকে কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।
শাদাব-রউফ-হায়দারের সংস্পর্শে আসা সবাইকে সেলফ-আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে পিসিবি। তবে এখনো দলীয় অনুশীলন শুরু না করায় পুরো স্কোয়াডকে সেলফ-আইসোলেশনে যেতে হবে না।
যেসব ক্রিকেটারের ফলাফল নেগেটিভ এসেছে, তাদের নিয়েই ইংল্যান্ডে যাবে পাকিস্তান। পাকিস্তান দল লাহোর থেকে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেবে আগামী ২৮ জুন। আগস্ট-সেপ্টেম্বরের এই সিরিজে তারা খেলবে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি।
