রূপগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০০:২৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দানিজ মিয়া নামে এক ব্যবসায়ীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার বাঘবেড় সিটি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  আহত ব্যবসায়ীর ভাই সাইফুল ইসলাম জানান, তার ভাই দানিজ মিয়ার বাঘবেড় সিটি মার্কেট এলাকায় মুদি দোকান রয়েছে। একই এলাকার কয়েকজনের সঙ্গে দানিজ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৮/১০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দানিজ মিয়ার দোকানে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করতে থাকে। এ সময় ভাঙচুরে বাধা দিলে হামলাকারীরা দানিজ মিয়াকে হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় দানিজ মিয়ার চিত্কারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।