ধূমপানের ফলে মানবদেহের শ্বাসতন্ত্র অর্থাত্ ফুসফুস দুর্বল হয়ে পড়ে। আর করোনা ভাইরাস এই দুর্বল ফুসফুসকেই সবচেয়ে বেশি আক্রমণ করছে এবং মানুষের মৃত্যু ঘটাচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তামাকজাত পণ্যের ব্যবহারকারী ও ধূমপায়ী নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক কম। বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যার প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং প্রায় ৩০ শতাংশ নারী। আমাদের দেশের তরুণদের মধ্যেও ধূমপানের প্রবণতা বেশি বলে তাদেরও একটি বড়ো অংশ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে হলে অবশ্যই সাময়িকভাবে তামাকজাত পণ্যের উত্পাদন ও বিক্রি বন্ধ রাখা উচিত। ধূমপানের সুযোগ না থাকলে অনেকেই এই অভ্যাস ছাড়তে বাধ্য হবেন। এতে ফুসফুসের কার্যকারিতাও স্বাভাবিক হতে শুরু করবে এবং করোনা ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে ও দেশকে রক্ষা করা যাবে। আমরা আশা করি, সরকার অন্তত ছয় মাসের জন্য তামাকজাত পণ্যের উত্পাদন ও বিক্রি বন্ধ রাখার ব্যবস্থা করবে।
বিপ্লব বিশ্বাস
গোয়ালচামট, ফরিদপুর
