গত এক সপ্তাহে আফগানিস্তানে তালেবান হামলায় ২৯১ জন আফগান সৈন্য নিহত হয়েছে বলে কাবুল যে ঘোষণা দিয়েছে সে সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে তালেবান। তারা বলেছে, গত এক সপ্তাহে আফগান সেনাদের ওপর তাদের তিনটি হামলা হয়েছে; সেসব হামলায় নিহতের সংখ্যা কোনো অবস্থায়ই সরকারের ঘোষিত সংখ্যার সমান নয়। খবর পাস্থটুডের
সোমবার এক প্রতিক্রিয়ায় এ কথা জানান তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এর আগে ঐদিন আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ২৯১ জন সৈন্যর নিহত হওয়ার খবর দেয়। পরে তা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। এ সম্পর্কে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সোমবার এক প্রতিক্রিয়ায় দাবি করেন, আফগান পক্ষগুলোর মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে তাকে ক্ষতিগ্রস্ত করা এবং সে সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি করার লক্ষ্যে এই খবর প্রচার করা হয়েছে।
