গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় নির্বাচনের দিন যুবলীগ নেতা মো: লিয়াকত হোসেন (৪৫) নৃশংসভাবে খুনের ঘটনায় আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সৈয়দ মোমেন আলম তুহিন ওরফে ছোট তুহিন (২২), মো: তানভীর হোসেন ওরফে বড় তুহিন (২৬) ও মো: তম্ময় (২৪)। তারা সকলেই দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। ইতিপূর্বে গ্রেফতারকৃত এজাহারভুক্ত ৮আসামীকে মঙ্গলবার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। কিন্তু ওইদিন রিমান্ড শুনানি না হওয়ায় আদেশের অপেক্ষায় রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: জাহাঙ্গীর আলম জানান, লিয়াকত হত্যার ঘটনায় বুধবার রাতে আরো ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ওই মামলার এজাহারভুক্ত আসামী। মামলার অন্য আসামীদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।
