এমপি দুর্জয়ের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:১৩

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে সম্প্রতি দুইটি জাতীয় দৈনিকে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সেই সঙ্গে জেলা যুবলীগ, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ আলাদা আলাদা বিবৃতিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী খান, আখিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মন্জুরুল হক বুলবুল প্রমুখ।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন বলেন, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় সত্ ও নিষ্ঠার সঙ্গে এলাকায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তাকে জড়িয়ে দলের অনুপ্রবেশকারী ও একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে কয়েকটি দৈনিক পত্রিকায় মিথ্যা তথ্য সংবলিত সংবাদ ছাপা হয়েছে। এতে সরকারের ভাবমূর্তি ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে, যা মোটেই কাম্য নয়।