ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার সঙ্গে সঙ্গেই লকডাউন বাস্তবায়ন নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। আমরা কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির সমন্বয় সভাও করেছি। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। এখন আমরা এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র এ কথা বলেন। তিনি বলেন, এলাকাভিত্তিক সিদ্ধান্ত পাওয়ার পর লকডাউন বাস্তবায়নে ইতিমধ্যে ঘোষিত ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময়ের আগেই তা বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেয়র বলেন, অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করেও আওয়ামী লীগ কখনো নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়নি। গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণেই আওয়ামী লীগ সব সময় কার্যক্রম পরিচালনা করেছে এবং সে ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তারই নেতৃত্বে এই করোনা মহামারিও অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
