গাজীপুরের টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন পিংকু নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত জাহাঙ্গীর হোসেন পিংকু চাঁদপুর জেলার গোসাইর চর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতেন। নিহত জাহাঙ্গীর হোসেন পিংকুর বিরুদ্ধে গুলশান, বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টিএন্ডটি বাজার এলাকায় কয়েক জন মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। পরে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী কয়েক জন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পালটা গুলি ছুড়লে মাদক কারবারি কয়েক জন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে পিংকু গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
