করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতে জাতিসংঘ ও তার সদস্যরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সাইটসেভার্স বাংলাদেশ। এ লক্ষ্যে সাইটসেভার্স বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মঙ্গলবার স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু করেছে। এই স্বাক্ষর অভিযানে জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের কাছে কোভিড-১৯-এর ক্ষতিকর প্রভাব থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এই প্রচারণার স্বাক্ষর সংগ্রহ করা হবে। স্বাক্ষর সংগ্রহ শেষে জাতিসংঘ এবং এর সব সদস্যরাষ্ট্রগুলোয় এ আবেদন পেশ করা হবে।
সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও বলেন, কোভিড-১৯ মহামারি প্রতিবন্ধীদের একটি কঠিন সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রতিবন্ধীরা মানুষ এবং তারাও সত্তাগতভাবে মানব মর্যাদার অধিকারী। মানব মর্যাদার স্বীকৃতিস্বরূপ তাদের শুধু দরকার রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের সমর্থন এবং তাদের সমস্যার স্বীকৃতি। অন্য সব মানুষের মতো তারাও সমাজে একইভাবে অবদান রাখতে পারে। সাইটসেভার্স বাংলাদেশের অ্যাডভোকেসি লিড অয়ন দেবনাথ বলেন, কোভিড-১৯ মহামারি প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর বৈষম্যমূলক অবস্থার আরো অবনতি ঘটিয়েছে এবং একই সঙ্গে সমাজে বিদ্যমান অসমতার চিত্রটি আরো প্রবলভাবে তুলে ধরেছে। করোনা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমানের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলছে, তা বিগত কয়েক দশকেও দেখা যায়নি। সাইটসেভার্স আশা করে, এই আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ও বাংলাদেশ সরকার কোভিড-১৯ মহামারি থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কোনোভাবেই সম্ভব নয়। সমগ্র বিশ্বই এখন একটি ক্রান্তিকাল পার করছে, যার মধ্যে রয়েছে ১০০ কোটি প্রতিবন্ধী ব্যক্তি, যারা তাদের স্বীকৃতি ও সমর্থনের জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে।
