অর্থপাচারের মামলায় জেলার সোহেল রানার জামিন স্থগিত

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:১৬

অর্থপাচারের মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানা বিশ্বাসকে দেওয়া হাইকোর্টের জামিন ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

২০১৮ সালের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি থেকে সোহেল রানাকে একটি ব্যাগসহ আটক করে রেলওয়ে পুলিশ। ঐ ব্যাগে তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি এফডিআরের কাগজ, ১ কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশকে বলেছিলেন, ঐ টাকার মধ্যে ৫ লাখ তার নিজের, বাকি টাকা অন্যদের। পরে তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় অর্থ পাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন রেল পুলিশের উপপরিদর্শক আশরাফ।

এর মধ্যে অর্থ পাচার মামলায় পাসপোর্ট জমাদানের শর্তে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত সোহেল রানাকে জামিন দেয় হাইকোর্ট। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।