রাণীনগর-কালীগঞ্জ সড়ক

দুই বছরেও শেষ হয়নি ২২ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:৩০

নওগাঁ থেকে রাণীনগর হয়ে কালীগঞ্জ যাওয়ার সড়কের ২২ কিলোমিটার প্রশস্ত ও আধুনিকায়ন কাজে স্থবিরতার কারণে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে  উপজেলার পূর্বাঞ্চলের শতাধিক গ্রামের লাখ লাখ মানুষ। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সড়কটির অনেক জায়গায় খানা-খন্দ সৃষ্টি হয়ে জমা হচ্ছে পানি। কাদামাখা সড়কের বিভিন্ন অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, রাণীনগর সদর জিরো পয়েন্ট থেকে কালীগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা স্থানীয় প্রকৌশল বিভাগ (এলজিইডি) কয়েক বছর আগে পাকা করে। নওগাঁ থেকে রাণীনগর-আবাদপুকুর হয়ে নাটোরের সিংড়ার কালীগঞ্জ বাজারের মধ্য দিয়ে নাটোরের সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রাস্তাটি সওজ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাস্তাটি প্রশস্তকরণ, আধুনিকায়ন, মজবুতকরণ এবং ২৬টি কালভার্ট, চারটি সেতু নির্মাণ করতে মোট ১০৫ কোটি টাকা ব্যয়ে দরপত্র দেওয়া হয়। দরপত্রের পর ২০১৯ সালের শুরু থেকে শুধু সেতু ও কালভার্টের কাজ শুরু করা হলেও বিভিন্ন কারণে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয় চলতি বছরের শুরু থেকে। কিন্তু আজ পর্যন্ত এসব কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

আবাদপুকুর বাজারের ব্যবসায়ী রুহুল আমীন, শেখ হাফিজুল ইসলামসহ অনেকেই বলেন, প্রায় দুই বছর বেশি সময় অতিবাহিত হতে যাচ্ছে তবুও এই ২২ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ আজ পর্যন্ত শেষ হচ্ছে না।

স্থানীয় ভ্যানচালক রহিদুল ইসলাম, ট্রাক চালক কালামসহ অনেকেই বলেন, বড়ো গর্তে পড়ে ভ্যান, ট্রাকসহ ছোটো ছোটো যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে। পথচারীরা রাস্তা খারাপের জন্য ভ্যানসহ ছোটো বাহনে চলাচল না করার কারণে ভাড়া কমে গেছে।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, রাণীনগর-কালীগঞ্জ রাস্তার কাজ শেষ করতে যে দ্বিতীয় মেয়াদে সময় বৃদ্ধি করা হয়েছিল তা গত মে মাসের ৮ তারিখে শেষ হয়েছে কিন্তু করোনা ভাইরাসের কারণে পাথর সংকটের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। বর্তমানে করোনা ভাইরাসের কারণে দেশের অধিকাংশ উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আবার এই কাজ শুরু করা হবে। আর যেখানে গর্ত হয়েছে সেই গর্তগুলো খোয়া দিয়ে পরবর্তীতে ভরাট করে দেওয়া হবে। এছাড়াও ব্রিজের বিকল্প পার্শ্ব রাস্তাগুলো ঠিক করে দেওয়ার জন্য বলা হয়েছে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, এটি খুবই দুঃখজনক যে—প্রায় দুই বছরেও এই রাস্তার কাজ শেষ হচ্ছে না। এটি উপজেলা সদর ও পূর্বাঞ্চলের মধ্যে প্রধান সড়ক হওয়ায় অতি গুরুত্বপূর্ণ। আমি সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার এই রাস্তাটির সংস্কার কাজ দ্রুত করার জন্য অনুরোধ জানিয়েছি।