মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যদি ভাস্কর্য ভাঙেন বা ধ্বংস করেন তাহলে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এর আগেও যারা ভাস্কর্য ধ্বংসে অংশ নিয়েছিলেন তাদেরও আটক করা হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির
গতকাল মঙ্গলবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ফেডারেল সরকারকে নির্দেশ দিয়েছি যারা নেতাদের ভাস্কর্য ভাঙবেন বা ধ্বংস করবেন তাদের গ্রেফতার করে ১০ বছরের কারাদণ্ড দিতে। গত ২৫ মে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা কর্তৃক হত্যার পর বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের সময়ের দাস ব্যবসায়ীসহ কট্টরপন্থি বিভিন্ন নেতার ভাস্কর্য ভেঙে ফেলেন। একই চিত্র ব্রিটেনসহ ইউরোপের দেশগুলোতেও দেখা যায়। এমনকি আমেরিকার আবিষ্কারক হিসেবে খ্যাতি পাওয়া ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্যও ভেঙে ফেলা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশের আগে রিপাবলিকান সিনেটর টম কটন পুরোনো নেতাদের ভাস্কর্য ভাঙায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
