গজারিয়ায় পরকীয়ার জেরে নাসরিন বেগম (২৯) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। নাসরিন উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামের মো. হেদায়েতুল ইসলাম বেপারীর স্ত্রী। সোমবার রাতে উপজেলার ইমামপুর ইউনিয়নে ষোলআনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর ননদের স্বামী আলমগীর হোসেন ও ভাগিনা শাফায়াত উল্লাহ্, শাহিনা বেগম ও সাদিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গৃহবধূর শাশুড়ি হাজী মাফিয়া খাতুন জানান, তার ছেলে হেদায়েতুল ইসলাম চাকরি সূত্রে ঢাকায় থাকেন। পুত্রবধূ নাসরিন তার ছেলে ও মেয়ে নিয়ে আলাদা ঘরে থাকেন। সোমবার রাতে পুত্রবধূ তার ঘর থেকে বাইরে যায়। প্রায় দেড় ঘন্টা পর জিসান ও নাসরিন ঘরের ভিতর প্রবেশ করে তাদের মধ্যে হাতাহাতি হয়। চিত্কার শুনে শাশুড়ি এগিয়ে গেলে জিসান কিল-ঘুষি মেরে পালিয়ে যায়। এসময় তার পুত্রবধূর শরীরের বিভিন্ন জায়গায় রক্ত ও কাঁটার চিহ্ন দেখা যায়। পরে অবস্থা অবনতি হলে পাশের বাড়ির লোকজনের সহয়তা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, জিসানের সঙ্গে তার পুত্রবধূর দীর্ঘ দিনের সম্পর্ক ছিলো। পরে তার ছেলে বিষয়টি জানতে পেরে চারদিন আগে গজারিয়া থানায় জিসানের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় গৃহবধূর ভাই হোসেন আলী ৯ জনকে বিবাদী করে একটি অভিযোগ দিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
