রাজধানীর কলাবাগান থানা এলাকায় পদ্মাসেতুর রেল প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান এরশাদ গ্রুপের কার্যালয়ে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গেলে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মাকসুদ বাবুল মোল্লা (৪৫) ও আবু তালেব লালু (৩১)। মঙ্গলবার দুপুরে পান্থকুঞ্জ পার্কের সামনে বীরউত্তম সিআর দত্ত রোডে নাসির ট্রেড সেন্টারে এরশাদ গ্রুপের কার্যালয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ পরিতোষ চন্দ্র বলেন, গ্রেফতারকৃতদের বাড়ি শ্যামপুর এলাকায়। তারা এরশাদ গ্রুপের এমডি আমিনুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসে চাঁদা দাবি করে অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন করায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে।
ওসি আরও বলেন, এরশাদ গ্রুপের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে তাদের কাছে থাকা অস্ত্রের লাইসেন্স রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রাক থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
এরশাদ গ্রুপ পদ্মাসেতু রেল প্রকল্পে পাথর সরবারের কাজ করছে। রেলের জন্য দুবাই থেকে আমদানি করা পাথর আনা হয়েছে। গত ২ জুন কুতুবদিয়াতে বড় জাহাজে পাথর আনা হয়। সেখান থেকে ছোট লাইটার জাহাজে প্রকল্প এলাকাতে পাথর নেওয়া হচ্ছে। তবে ২১টি লাইটার জাহাজ প্রকল্প এলাকা শরীয়তপুর জাজিরা পয়েন্টে নদীর ওপর প্রায় ২১ দিন ধরে ভাসমান অবস্থায় আছে। পাথর নামাতে গেলে কিছু লোকজন বাধা দিচ্ছে এবং ৫০ লাখ টাকা দাবি করছে।
ইত্তেফাক/এসি
