যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউন নিরসনে ডেমোক্র্যাট দলের পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। হোয়াইট হাউস এই পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেনি। গতকাল পর্যন্ত ঐকমত্যের ভিত্তিতে শাটডাউন নিরসনের কোনো পরিকল্পনার কথাও জানা যায়নি। খবর রয়টার্সের
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেছেন, ডেমোক্র্যাটদের পরিকল্পনা সফল হবে না। কারণ এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জন্য কোনো তহবিল বরাদ্দ নেই এবং পাচার, মাদক ও অপরাধ থেকে আমেরিকানদের সুরক্ষার কোনো পথ নেই। একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প শীর্ষ ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার তাদের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক হওয়ার কথা। সারাহ স্যান্ডার্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প চান সবাইকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি সমাধান যাতে আমেরিকানরা নিরাপদ থাকেন। গতকালই রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের মেয়াদ শেষ হয়। আজ বৃহস্পতিবার থেকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেবেন ডেমোক্র্যাটরা। এ দিন ডেমোক্র্যাটরা একটি ‘ফান্ডিং প্যাকেজ’ এ ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু এ প্যাকেজে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দেয়ালের জন্য ট্রাম্পের দাবি করা পাঁচশ’ কোটি ডলার দিচ্ছেন না তারা। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ থাকায় বিলটি পাস হতে পারে। কিন্তু সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিলটি সেখানে পাস হওয়ার সম্ভাবনা নেই। ফলে ট্রাম্প শাসনামলে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদ এবং সিনেটের মধ্যে লড়াই শুরু হবে।
