বরিশালে করোনা উপসর্গে পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ১৬:৫৭

করোনার উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক এএসআইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১ হাজার ২৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২০ জন। 

বুধবার জেলা প্রশাসনের মিডিয়া সেল ও বিএমপির মিডিয়া সেল সূত্র জানায়, হাবিবুর রহমান (৫৩) নামে এএসআই মঙ্গলবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তিনি জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাসিন্দা। 

পুলিশ কমিশনার কার্যালয়ের স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম জানান, এএসআই হাবিবুর রহমান ১৬ জুন রাতে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে প্রথমে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে সড়কপথে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

এছাড়া শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন ঝালকাঠি সদরের কেফায়েত নগর এলাকার হাফিজা বেগম (৪০)। ওইদিন দিবাগত রাত সাড়ে ১০টায় একই ওয়ার্ডে নলছিটির তিমিরকাঠী গ্রামের জাকির হোসেন (৫৬) মারা যান। মৃত প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/ইউবি