২০০ গোল চান হ্যারি কেন

আপডেট : ২৪ জুন ২০২০, ২০:৪১

স্পোর্টস ডেস্ক

রাতটা হ্যারি কেন, কোচ হোসে মরিনহো কিংবা ক্লাব দল টটেনহ্যাম হটস্পার—সবার জন্যই স্বস্তির এক রাত ছিল। সাত ম্যাচ জয় বঞ্চিত হওয়ার পর জয়ের দেখা পেয়েছে ক্লাবটি।

ওয়েস্টহাম ইউনাইটেডকে নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ইনজুরি থেকে ফিরে গোলের দেখা পেয়েছেন হ্যারি কেন। এর প্রত্যাবর্তনের পর জানালেন ইংলিশ প্রিমিয়ার লিগে ২০০ গোল চান তিনি।

কোচ মরিনহো নিজের ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময় জয়হীন থাকার রেকর্ডটাকে আর বড়ো হতে দিলেন না। ইংলিশ লিগের চলতি আসরে এটা উত্তর লন্ডনের ক্লাবটির দ্বাদশ জয়। এই জয়ে লিগ টেবিলের সাতে উঠে এলো মরিনহোর দল। ৩১ ম্যাচে স্পার্সদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন হ্যারি কেন। ইংলিশ স্ট্রাইকার ছয় মাস পর মাঠে ফিরেছেন গেল শুক্রবার। কিন্তু তার ফেরাটা সুখের হয়নি। পুরো দেড় ঘণ্টা খেললেও টটেনহ্যাম অধিনায়ক ছিলেন নিষ্প্রভ। তার দলও ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।

তবে, মঙ্গলবার রাতে তাকে দেখা গেল চিরচেনা রূপে। ক্লাবের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমে পেয়েছেন ১৩৭তম গোলের দেখা। চলতি মৌসুমে এটা তার দ্বাদশ গোল।

কেন এবার চোখ রাখছেন ২০০ গোলের দিকে, প্রিমিয়ার লিগে এই রেকর্ড আগে আছে কেবল অ্যালান শিয়ারার আর ওয়েন রুনির। কেন বলেন, ‘আমার বয়স এখন মাত্র ২৬। আশা করি দ্রুতই ২০০ গোলের মাইলফলকে পৌঁছে যাবো। আমার লক্ষ্য সেখান থেকেও আরো ওপরে ওঠা। আসলে আমার জন্য গোল করার চেয়ে ভালো অনুভূতি আর কিছু নেই।’